
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ইরান বিষয়ক বক্তব্যকে ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের বন্ধুরাষ্ট্র কেন বলে, চরম দুঃখের সময়েও বাংলাদেশকে পাশে পাইনি। কেন এমন হলো?’
এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (১ মে) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলমান উপসাগরীয় পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংশ্লিষ্ট দেশগুলোর কাছে ইতিবাচক হিসেবে বিবেচিত হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, বাংলাদেশে অবস্থিত ইরানি দূতাবাসও সম্প্রতি এক বিবৃতিতে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক অবস্থানের প্রশংসা করেছে। একই সঙ্গে কিছু গণমাধ্যমে বক্তব্যের আংশিক অংশ উপস্থাপন নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেছে বলেও জানানো হয়।
মন্ত্রণালয় আরও জানায়, গত ২৩ এপ্রিল ঢাকায় ইরানি দূতাবাসে ইরানের জনগণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়। ওই অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি সেই সময় ইরানের জনগণের প্রতি বাংলাদেশের সহানুভূতি ও সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিভিন্ন সময় দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার বিষয়গুলো প্রকাশ্য ও কূটনৈতিক পর্যায়ে ইতিবাচকভাবেই প্রতিফলিত হয়েছে।