
রাতের ডিউটির কথা বলে থানা ব্যারাক থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ রয়েছেন ঢাকা মহানগর পুলিশের এক উপপরিদর্শক—তার খোঁজে চলছে তৎপরতা।
নিখোঁজ ওই পুলিশ কর্মকর্তার নাম রাকিবুল হাসান সরকার (৩২)। তিনি ডিএমপির কলাবাগান থানায় কর্মরত ছিলেন।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে রাত্রিকালীন ডিউটির কথা বলে সাদাপোশাকে ব্যারাক থেকে বের হন রাকিবুল। কিছুক্ষণ পর চা পান করে আবার ব্যারাকে ফেরেন। এরপর রাত পৌনে আটটার দিকে পুনরায় ডিউটির কথা বলে সাদাপোশাকেই বের হয়ে যান। সেই সময়ের পর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, বের হওয়ার পর থেকেই রাকিবুলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তার সঙ্গে মোবাইল ও চার্জার থাকলেও এখন পর্যন্ত তার অবস্থান শনাক্ত করা যায়নি। ঘটনাটি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং দেশের সব থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে।
নিখোঁজ রাকিবুলের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার সঙ্গে কোনো পারিবারিক বিরোধ ছিল না। হঠাৎ এভাবে নিখোঁজ হওয়ায় তারাও উদ্বিগ্ন।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, রাকিবুল সম্প্রতি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে বদলি হয়ে প্রায় এক মাস আগে কলাবাগান থানায় যোগ দেন। এর আগে তিনি আয়কর বিভাগে কর্মরত ছিলেন। নতুন কর্মস্থলে দায়িত্ব বা ব্যক্তিগত কোনো কারণে তিনি মানসিক চাপে ছিলেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
ওসি ফজলে আশিক আরও জানান, ব্যারাক থেকে বের হওয়ার সময় রাকিবুলের সঙ্গে কোনো সরকারি অস্ত্র ছিল না।