
গভীর রাতে পুরান ঢাকার নারিন্দায় হঠাৎ এসি বিস্ফোরণে দগ্ধ হলেন একই পরিবারের তিন সদস্য, যাদের মধ্যে একজনের শরীরের ১০০ শতাংশ পুড়ে গেছে।
বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই আগুন ধরে যায় এবং এতে একই পরিবারের তিনজন দগ্ধ হন। আহতরা হলেন মুক্তার ব্যাপারী ৫৫, তার স্ত্রী সেলিনা বেগম ৪৫ এবং ছেলে সেলিম ব্যাপারী ৩৩। তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, পাঁচতলা ভবনের তৃতীয় তলায় একটি এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে তাদের পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যেই কয়েকজন দগ্ধ হন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, "এই ঘটনায় তিনজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে মুক্তার শরীরের ২২ শতাংশ, সেলিনার ৩০ শতাংশ ও সেলিমের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থা আশংকাজনক।"