
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এই দাবি জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেন, ‘নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যায় জানা যাচ্ছে, স্থানীয় বিএনপি নেতাও জড়িত। তিনি হলেন, মহিষাশুরা ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান।’
সংবাদমাধ্যমের খবরের বরাত দিয়ে তিনি আরও লিখেন, ‘সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নরসিংদীর মাধবদীতে দিন ১৫ আগে স্থানীয় নূরার নেতৃত্বে ৫/৬ জনের একটি বখাটে দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির বাবার বিচার চেয়ে স্থানীয় মেম্বারের কাছে বিচার দেন। কিন্তু ধর্ষকদের কাছ থেকে টাকা খেয়ে বিএনপি নেতা ও মেম্বার আহম্মদ আলী দেওয়ান আপোসের নামে ধর্ষণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। মামলা করতে দেননি। উল্টো মেয়েটির পরিবারকে এলাকা ছাড়তে বলেন।’