
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরেই কূটনৈতিক তৎপরতায় সরব হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সৌদি আরব সফরকালে ফিলিস্তিন ইস্যুতে ওআইসির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় অবস্থিত ওআইসি সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওআইসির নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদুউ। এছাড়া উপস্থিত ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এলখ্রেইজি এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের জন্য তারা শুভেচ্ছা জানান। নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশে দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং উন্নয়নের ধারা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা করেন উপস্থিত নেতারা। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন জানান তারা।
আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে বাংলাদেশের পক্ষে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।