
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে অপরাধ দমনে গভীর রাতে পুলিশের সাঁড়াশি অভিযান চালিয়ে ১০০ জনকে আটক করা হয়েছে। কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে মধ্যরাত ২টা পর্যন্ত মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। চলমান অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লক্ষ্যভিত্তিক এই অভিযানে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সূত্র।
ইবনে মিজান বলেন, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য রোধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আসন্ন রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে কোনো অপরাধী চক্র যাতে সুযোগ নিতে না পারে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
অভিযান চলাকালে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এডিসি মো. জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার এসি আব্দুল্লাহ আল মামুন এবং মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেজবাহ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।