
দেশজুড়ে টানা বৃষ্টির কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, ফলে আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার (১৬ আগস্ট) জানানো হয়, নওগাঁ জেলার আত্রাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে আত্রাই নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় দেশের চট্টগ্রাম বিভাগ ও ভারতের ত্রিপুরায় ভারি বৃষ্টিপাত হয়েছে। আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগে এবং উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে। নওগাঁ সংলগ্ন এলাকাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
গঙ্গা নদীর পানি কমলেও পদ্মা নদীর পানি বেড়েছে। আগামী ৫ দিনে গঙ্গার পানি কমতে পারে, তবে পদ্মা নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় বাড়তে পারে এবং সতর্কসীমায় পৌঁছাতে পারে।
এ অবস্থায় রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িক প্লাবিত হতে পারে।
ব্রহ্মপুত্র নদে পানি সমতল স্থিতিশীল এবং যমুনায় বেড়েছে। আগামী ৩ দিনে ব্রহ্মপুত্র স্থিতিশীল থাকবে ও পরে কমবে। যমুনার পানি আগামী ২৪ ঘণ্টায় বাড়তে পারে।
সিলেট বিভাগের কুশিয়ারা নদীর পানি বেড়েছে, তবে সুরমার পানি কমেছে। মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে, যা আগামী ২৪ ঘণ্টা চলবে এবং পরবর্তী দুইদিন স্থিতিশীল থাকবে।
রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কমেছে। আগামী দুইদিন তিস্তার পানি স্থিতিশীল থাকবে, ধরলা ও দুধকুমারের পানি আরও কমবে, তবে তৃতীয় দিন বাড়ার সম্ভাবনা রয়েছে।