
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি–এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর অভিযোগ, নির্বাচনে কারচুপি নয়—‘ডাকাতি’ হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এর উত্তর গেটে সারাদেশে নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, জনগণের সামনে ভোট ডাকাতদের উন্মোচন করতে পেরেছি। পার্লামেন্টে যে ভোট ডাকাতরা গেছে, জনগণের সামনে আমরা বিরোধীদের হিসেবে হাজির হয়েছি, আমরা রাজপথে থাকবো, কড়ায় গণ্ডায় ইঞ্চি ইঞ্চি করে জরগণের ওপর যারা ভোটে ইঞ্জিনিয়ারিং করেছে, ভোট ডাকাতি করেছে, নতুনভাবে জুলুম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা তাদের কাছ থেকে বুঝে নেবো ইনশাল্লাহ।’
তিনি আরও বলেন, ওসমান হাদি ভাইয়ের বিচারের দাবিতে তারা মাঠে নেমেছেন। সরকার ও প্রশাসনের উদ্দেশে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতদিন বলা হয়েছে নির্বাচন ও বিচারকে মুখোমুখি না করতে। ‘আমরা মরিয়া প্রমাণ করেছি, আমরা নির্বাচনবিরোধী নই। আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই, সংস্কারে জনগণ ‘হ্যাঁ’র পক্ষে ম্যান্ডেট দিয়েছে। এটি বাস্তবায়ন করতে হবে।’
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি নেওয়া হবে। দুর্নীতি প্রতিরোধে একটি শক্তিশালী ছায়া মন্ত্রিসভা গঠনের কথাও বলেন তিনি। পাশাপাশি পুরো রমজানজুড়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সিন্ডিকেটবিরোধী কার্যক্রম চালানোর ঘোষণা দেন।