-6abf9f7dd0939 (1).webp)
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বিএনপি যেন রাষ্ট্র পরিচালনায় সফলভাবে দায়িত্ব পালন করতে পারে, সে জন্য দোয়া করেন। একই সঙ্গে সদ্য গঠিত সরকারের বিরুদ্ধে কেন লংমার্চের কর্মসূচি নেওয়া হচ্ছে—তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর সুস্থতা ও সাফল্য কামনা করে দোয়া করেন। পাশাপাশি মো. রাশেদ খাঁনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে নিজের সালাম পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। এ প্রসঙ্গে অতীতের একটি ঘটনা তুলে ধরে তিনি জানান, কয়েকটি ইসলামী দল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে বিভিন্ন দাবি নিয়ে গেলে তিনি বলেছিলেন, যেখানে কোনো ভিন্নমত নেই, সেখানে দাবির বিষয়টি থাকে না; কারণ তাদের সঙ্গে তিনি একমত। এ ঘটনার মাধ্যমে তিনি বিএনপির ইসলামী মূল্যবোধে বিশ্বাসের বিষয়টি স্মরণ করিয়ে দেন।
‘জান্নাতের ভুয়া টিকিট’ বিক্রির বিরুদ্ধে ভূমিকার প্রশংসা
অন্যদিকে, ইসলামের নাম ব্যবহার করে এবং জান্নাতের প্রলোভন দেখিয়ে মানুষের কাছে ‘জান্নাতের ভুয়া টিকিট’ বিক্রির মাধ্যমে যারা প্রতারণা করছিল, তাদের বিরুদ্ধে নির্বাচনের আগে সাহসী ভূমিকা রাখার জন্য আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে বিশেষভাবে ধন্যবাদ জানান মো. রাশেদ খাঁন।
সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক মাহবুবুর রহমান শামীম এবং ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।