
সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং লোহিত সাগরসংলগ্ন কয়েকটি জ্বালানি স্থাপনায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
তবে সৌদি কর্তৃপক্ষ বলছে, শনিবার রিয়াদের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সেটি ধ্বংস করা হয়েছে। এ ছাড়া অন্য কোনো হামলা বা এতে হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ আর কোনো তথ্য নিশ্চিত করেনি।
এর আগে শনিবার সৌদি রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি জ্বালানি ট্যাংক থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। ওই ঘটনার পর কিছু সময়ের জন্য বিমান চলাচলও ব্যাহত হয়।
সৌদি আরবে হুথিদের হামলা বৃদ্ধির মধ্যে শনিবার প্রথমবারের মতো রিয়াদে বিমান হামলার সতর্কসংকেত শোনা যায়। গত জুলাই থেকে দেশটিতে হুথিদের হামলার সংখ্যা বেড়েছে।
মার্কিন নাগরিকদের সতর্ক
মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে সম্ভাব্য ফ্লাইট বাতিল এবং অন্যান্য ধরনের ভ্রমণ বিঘ্নের জন্য প্রস্তুত থাকতে তাদের পরামর্শ দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে, যার মধ্যে বেসামরিক বিমানবন্দরও রয়েছে। চলমান সামরিক সংঘাত দ্রুত আরও বিস্তৃত হতে পারে বলেও সতর্ক করেছে তারা।
বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের ভেতরে এবং এই অঞ্চল হয়ে ভ্রমণের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের বিষয়টি গুরুত্ব দিয়ে পুনর্বিবেচনা করা উচিত।
চার শহরে হামলার চেষ্টা প্রতিহতের দাবি
সৌদি নেতৃত্বাধীন জোটের এক মুখপাত্র জানিয়েছেন, বিশ, তাইফ, ফারাসান ও ইয়ানবু শহরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো ‘শত্রুতামূলক হামলার চেষ্টা’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে।
অন্যদিকে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া আল-সারিয়া অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করেন, রিয়াদের ‘গুরুত্বপূর্ণ স্থাপনা’ এবং উপকূলীয় শহর ইয়ানবুতে সৌদি রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি আরামকোর স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
তার দাবি অনুযায়ী, এসব অভিযানে বিপুলসংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করা হয়।
আল-সারিয়া বলেন, ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত রাজধানী সানায় সৌদি আরব হামলার চেষ্টা চালানোর প্রতিক্রিয়াতেই এসব হামলা করা হয়েছে।
এক সপ্তাহে ৩০০ হামলার অভিযোগ
এর আগে আল-সারিয়া অভিযোগ করেছিলেন, গত এক সপ্তাহে ইয়েমেনজুড়ে সৌদি আরব ৩০০টি হামলা চালিয়েছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে হুথিদের দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে। ওই সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি আরব।
সাম্প্রতিক কয়েক মাসে সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিকবার হামলা চালিয়েছে হুথিরা। চলতি সপ্তাহে ইয়েমেনের আকাশে একটি সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে সংগঠনটি।