
হরমুজ প্রণালী আবার চালু করা হবে, তবে তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বন্ধ থাকবে। এমনটাই জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। একই সঙ্গে তিনি জানান, ইরানের নির্ধারিত নতুন নিয়ম মেনে চলা দেশগুলোর জাহাজ এই নৌপথে নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
বুধবার (০১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আজিজি বলেন, ‘হরমুজ প্রণালী অবশ্যই খুলবে। কিন্তু আপনার জন্য নয়। এটি তাদের জন্য খোলা থাকবে, যারা ইরানের নতুন নিয়ম মেনে চলবে।’ একই পোস্টে ট্রাম্পের সরকার পরিবর্তনের প্রচেষ্টাকে ব্যঙ্গ করে তিনি বলেন, ‘ট্রাম্প শেষ পর্যন্ত তার সরকার পরিবর্তনের স্বপ্ন পূরণ করেছেন, তবে সেটি হয়েছে সামুদ্রিক সরকারে।’
এদিকে হরমুজ প্রণালী ব্যবহার করে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন করে টোল আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইরান। একটি গণমাধ্যমকে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা জানায়, নৌপথটির নিরাপত্তা জোরদার, জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ এবং নতুন আর্থিক কাঠামোর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় চলাচলকারী জাহাজগুলোর ওপর স্থানীয় মুদ্রা রিয়ালে টোল নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মালিকানাধীন জাহাজের জন্য এই পথ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে নতুন বিধিনিষেধ আরোপের ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তা পরিস্থিতিতে চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।