
ভারত সফরে গিয়ে তাজমহল ও দিল্লির নিজামুদ্দিন দরগা পরিদর্শনের আগ্রহ জানিয়েছিলেন পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদ্দিক মালিক। তবে তাঁর সেই ইচ্ছায় সম্মতি দেয়নি ভারত সরকার। সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) নির্ধারিত বৈঠকে অংশ নেওয়ার জন্যই তাঁকে ভারত সফরের অনুমতি দেওয়া হয়েছে। বৈঠকের বাইরে ব্যক্তিগত কোনো স্থানে যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে পাকিস্তানের এই মন্ত্রীকে জানিয়ে দিয়েছে নয়াদিল্লি।
দিল্লির ঐতিহাসিক পুরানা কেল্লায় গত ২০ নভেম্বর শুরু হয়েছে সাংহাই সহযোগিতা সংস্থার প্রথম সভ্যতাবিষয়ক সংলাপ ফোরাম। আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। এতে অংশ নিতেই ভারত সফরে গেছেন মুসাদ্দিক মালিক। সফরকালে আগ্রার তাজমহল এবং দিল্লির নিজামুদ্দিন দরগা ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তবে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নির্ধারিত কর্মসূচির বাইরে তাঁর ব্যক্তিগত সফরের অনুমতি দিতে রাজি হয়নি দেশটির কেন্দ্রীয় সরকার।
প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, তাজমহল পরিদর্শনের বিষয়টি নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্র পাওয়ার ওপর নির্ভর করছে। তবে নিজামুদ্দিন দরগায় যাওয়ার অনুমতি পাননি পাকিস্তানের এই মন্ত্রী। ফলে নির্ধারিত বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ থাকছে তাঁর ভারত সফর।
মুসাদ্দিক মালিকের এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২০২৩ সালে গোয়ায় সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এরপর এই প্রথম পাকিস্তানের কোনো ফেডারেল মন্ত্রী ভারত সফরে গেলেন। বিশেষ করে ২০২৫ সালের মে মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং এর জবাবে ভারতের পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানের কোনো মন্ত্রীর এটাই প্রথম ভারত সফর।
এর আগে গত ২৮ অক্টোবর ভারত সরকার জানায়, প্রচলিত রীতি অনুযায়ী সাংহাই সহযোগিতা সংস্থার সব সদস্য দেশকে সভায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত দেশগুলোর মধ্যে পাকিস্তানও ছিল। পরে মুসাদ্দিক মালিকের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান সরকার।
ইসলামাবাদের পক্ষ থেকে জানানো হয়, পারস্পরিক সম্মান বজায় রেখে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করতে এবং সাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোর মধ্যে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়াতে তারা আগ্রহী।
উল্লেখ্য, ২০০১ সালে চীনের সাংহাইয়ে রাশিয়া, চীন, কাজাখস্তান, কিরঘিজ প্রজাতন্ত্র, তাজিকিস্তান ও উজবেকিস্তানের উদ্যোগে সাংহাই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠিত হয়। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান সংস্থাটির স্থায়ী সদস্যপদ লাভ করে। পরে ২০২৩ সালে ইরানও এর সদস্য হয়।
২০২৪ সালের অক্টোবরে পাকিস্তানের ইসলামাবাদে সংস্থাটির সরকারপ্রধানদের পরিষদের বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত মাসেও সংস্থাটির রাষ্ট্রপ্রধানদের পরিষদের পরবর্তী বৈঠকের প্রস্তুতিমূলক আলোচনায় অংশ নিতে ভারতের জাতীয় সমন্বয়ক অলোক দিমরিকে ইসলামাবাদে পাঠানো হয়েছিল।