
একজন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সামলাতেই বিরোধীদলের ৯০ জন সংসদ সদস্য ‘কান্নাকাটি’ করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে সংসদে বিরোধীদলীয় এমপিদের প্রতিক্রিয়া নিয়েও কটাক্ষ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে রাশেদ খাঁন এসব মন্তব্য করেন।
রাশেদ খাঁন লিখেছেন, ‘সংসদে আরও যারা বিএনপির এমপি আছে, তারাও যদি জনাব সালাউদ্দিন আহমেদের মতো বলা শুরু করে, তবে বিরোধীদলের এমপিরা বলা শুরু করবে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আমরা আর খেলবো না!’
ছায়া প্রধানমন্ত্রী ও ছায়া মন্ত্রিসভা ঘোষণার পর জামায়াতে ইসলামীর আমির বৃহস্পতিবার প্রথমবারের মতো সংসদে যোগ দিয়েছেন বলেও দাবি করেন তিনি। তার ভাষায়, ‘ছায়া প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের একটা গরম আছে না? সেই গরমে একযোগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অ্যাটাক শুরু করেছে।’
সংসদে বিরোধীদলের এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলার সুযোগ দিতে চাইছেন না বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি বলেন, বিরোধীদলের সব এমপি দাঁড়িয়ে যাচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে দিচ্ছেন না। তবে এ সময় সরকারি দলের এমপিরা ‘ভদ্রতা’ দেখিয়েছেন বলে দাবি করেন তিনি।
রাশেদ খাঁনের ভাষ্য, সরকারি দলের এমপিরা চাইলে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের সময় হৈচৈ করে পরিস্থিতি উত্তপ্ত করতে পারতেন। কিন্তু বিএনপি ক্ষমতায় থাকায় তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘এদেরকে আর বেশি যুক্তিতর্ক দিয়ে ধরিয়েন না, মাঝেমধ্যে অযৌক্তিক কথা হলেও বলতে থাকুক। শুনতে ভালো লাগবে না, তারপরেও তাদের বলতে দিতে হবে। বলতে বলতেই তারা শিখবে।’
বিরোধীদলের এমপিদের রাজনৈতিক সক্ষমতা নিয়েও কটাক্ষ করেন রাশেদ খাঁন। তিনি বলেন, ‘তারা তো এখনও আপনার ছাত্র হওয়ার যোগ্যতাই অর্জন করতে পারেনি যে, আপনার সাথে হাল্কা যুক্তি দিতে তর্ক করতে পারবে!’