
ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলির জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘দাদা’ নিয়ে দর্শকদের আগ্রহের অবসান ঘটিয়ে প্রকাশ করা হয়েছে ছবিটির প্রথম পোস্টার। সৌরভের জন্মদিন উপলক্ষে প্রকাশিত এই ফার্স্টলুকে নাম ভূমিকায় অভিনয় করা রাজকুমার রাওকে দেখা গেছে সাবেক ভারত অধিনায়কের অন্যতম স্মরণীয় উদযাপনের ভঙ্গিতে।
পোস্টারে পুনর্নির্মাণ করা হয়েছে ২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডকে হারিয়ে ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর সৌরভ গাঙ্গুলির জার্সি খুলে উদযাপনের ঐতিহাসিক মুহূর্তটি। সেই আইকনিক দৃশ্যেই নিজেকে উপস্থাপন করেছেন রাজকুমার রাও।
প্রকাশিত পোস্টারটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন সৌরভ গাঙ্গুলি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার জীবনের সেরা উপহার। তুমি (রাজকুমার) আমার কাভার ড্রাইভ কিভাবে খেলো, সেটা দেখার অপেক্ষা সইছে না।’
পোস্টারে আরও একটি অনুপ্রেরণামূলক বাক্য যুক্ত করা হয়েছে—‘তিনি শুধু খেলাটাই খেলেননি, বদলে দিয়েছেন খেলাটাকেই।’
পশ্চিমবঙ্গের বেহালায় জন্ম নেওয়া সৌরভ গাঙ্গুলি ১৯৯২ থেকে ২০০৮ সাল পর্যন্ত ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে তার সংগ্রহ ১৮ হাজার ৫৭৫ রান। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি করেছেন মোট ৩৮টি সেঞ্চুরি।
‘দাদা’ সিনেমায় সৌরভের বর্ণাঢ্য ক্রিকেটজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ও তুলে ধরা হবে। ছবিটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। এতে রাজকুমার রাওয়ের সঙ্গে অভিনয় করেছেন তানিয়া মানিকতলা, শাশ্বত চ্যাটার্জি, অপরাজিতা আঢ্যসহ আরও অনেকে।
আগামী বছরের ১৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্রটির।