
যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় দক্ষিণ ইরানে বিমান ও নৌবাহিনীর আট সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। হামলার পর যুক্তরাষ্ট্রকে কঠোর জবাবের হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।
বুধবার (৮ জুলাই) রাতে প্রকাশিত প্রতিবেদনে ইরনা জানায়, বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ব্যক্তিরা ইরানের বিমান ও নৌবাহিনীর সদস্য ছিলেন। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘দুঃসাহসিকতার’ উপযুক্ত জবাব দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক ভেঙে দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
বেলায়েতির ভাষ্য, উপসাগরীয় অঞ্চল কোনো দেশের রাজনৈতিক জুয়া খেলার ক্ষেত্র নয়। অতীতেও ইরান এমন পদক্ষেপের দ্রুত জবাব দিয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।
তিনি আরও বলেন, ইরান নীরব থাকবে না এবং দেশের প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে।
তবে ইরানের দাবি ও হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। একইভাবে হামলা ও হতাহতের বিষয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।