
দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবারও আলোচনায়। আন্তর্জাতিক হোটেল চেইন হিলটনের নতুন বিজ্ঞাপনে বেবি বাম্পসহ তার উপস্থিতি প্রকাশ্যে আসতেই ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অভিনেত্রীর নতুন লুক ও মাতৃত্বের আভা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
স্বামী রণবীর সিংয়ের সঙ্গে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন দীপিকা। এমন সময় প্রকাশিত বিজ্ঞাপনে তাকে নীল রঙের স্টাইলিশ প্যান্টস্যুট পরে বিলাসবহুল হোটেলের বিভিন্ন অংশে নাচতে ও ঘুরে বেড়াতে দেখা যায়। ভিডিওতে তার বেবি বাম্প স্পষ্টভাবে ফুটে ওঠায় সেটি বিশেষভাবে নজর কাড়ে। জানা গেছে, অন্তঃসত্ত্বা অবস্থাতেই বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন করেছিলেন তিনি।
ইনস্টাগ্রামে প্রকাশের পর কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে ভক্তরা অভিনেত্রীকে শুভেচ্ছা ও প্রশংসায় ভরিয়ে দেন।
এক নেটিজেন লিখেছেন— ‘দুয়ার স্টাইলিল্ট মাম্মা আর বেবিবাম্প’। আরেক নেটিজেন লিখেছেন— ‘গ্লো করছে’। আরেকটি কমেন্টে আবার লেখা হয়েছে, ‘দীপিকাকে বেবিবাম্পে কী অসাধারণ লাগছে, ওকে খুব ভালোবাসি।’
এর আগে গত এপ্রিল মাসে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ছবিতে তাদের মেয়ে দুয়ার হাতে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট দেখা যায়। ছবিটির ক্যাপশনে তারকা দম্পতি দুটি ইমোজি ব্যবহার করেছিলেন।
মা হওয়ার পর কর্মঘণ্টা দৈনিক আট ঘণ্টায় সীমাবদ্ধ রাখার দাবি জানিয়ে আলোচনায় এসেছিলেন দীপিকা। তিনি জানিয়েছিলেন, সন্তান ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই অবস্থানের কারণে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত স্পিরিট সিনেমা থেকে তাকে সরে যেতে হয়। কারণ নির্মাতারা প্রতিদিনের শুটিং আট ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ রাখতে রাজি ছিলেন না। যদিও অভিনেত্রীর এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কারিনা কাপুর, কাজল আগরওয়াল, কঙ্গনা রানাউত ও রাশমিকা মান্দানাসহ বলিউডের বেশ কয়েকজন তারকা।
ক্যারিয়ারের পরবর্তী কাজের মধ্যে রয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত কিং। সিনেমাটিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় করছেন শাহরুখ খান, সুহানা খান, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ ও রাঘব জুয়াল। পাশাপাশি পরিচালক অ্যাটলির রাকা সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতেও দেখা যাবে তাকে।
দীপিকা ও রণবীরের প্রেমের সূচনা হয়েছিল ২০১৩ সালে রামলীলা সিনেমার শুটিংয়ের সময়। পরে ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় কঙ্কনি ও সিন্ধি—দুই রীতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়।