
লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর বিশ্বজুড়ে সমর্থকদের মতো উচ্ছ্বাসে মেতেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলের জয় উদযাপন করতে দেখা গেছে অনেককে। তাদের মধ্যে অন্যতম ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা।
আর্জেন্টিনার রোমাঞ্চকর এই জয়ের পর বুধবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে অনুভূতি প্রকাশ করেন তিনি।
পোস্টে পূর্ণিমা লিখেছেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত। যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’
অভিনেত্রীর এই আবেগঘন পোস্ট প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে আর্জেন্টিনা দল এবং লিওনেল মেসির প্রশংসায় নানা মন্তব্য করছেন। অনেকেই দলের এই স্মরণীয় জয়কে বিশ্বকাপের অন্যতম সেরা প্রত্যাবর্তন হিসেবেও উল্লেখ করেছেন।