
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এক শিক্ষার্থীকে নারী শিক্ষার্থীকে সাইবার বুলিং, অশ্লীল ভাষা ব্যবহার এবং হুমকিমূলক আচরণের অভিযোগের প্রেক্ষিতে সাময়িকভাবে বহিষ্কার করেছে। বহিষ্কৃত শিক্ষার্থীর নাম গোলাম রাব্বানী, যিনি উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) ছাত্র।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’ এর ৪(১)(খ) ধারার প্রযোজ্যতা অনুযায়ী গোলাম রাব্বানীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আদেশ অনুযায়ী, বহিষ্কারকালে তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে থাকতে পারবেন না।
অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তামালিকা সুলতানা, সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর মো. আল-আমিন খান, সহকারী প্রক্টর সামসুজ্জোহা খন্দকার এবং সাদাহাত হোসেন। ডেপুটি রেজিস্টার মো. সোহেল রানা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক অভিযোগ অনুযায়ী, সম্প্রতি ক্যাম্পাসের একটি দেয়াল গ্রাফিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন গোলাম রাব্বানী। ভিডিওর মন্তব্যে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মনিষা সরকার একটি বিষয় নিয়ে আপত্তি জানান। এরপর তাকে লক্ষ্য করে অশ্লীল মন্তব্য, হুমকি এবং সাইবার বুলিং চালানোর অভিযোগ ওঠে। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দাখিল করলে প্রশাসন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।