
দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের পরিবারে এখন চার সদস্য। দশেরা উপলক্ষে দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশের পাশাপাশি প্রথমবারের মতো নবজাতককে ভক্তদের সামনে এনেছেন বলিউডের এই তারকা দম্পতি। মেয়ের নাম রেখেছেন দেবী পাড়ুকোন সিং।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২০ অক্টোবর) ইনস্টাগ্রামে পরিবারের ছবি প্রকাশ করেন দীপিকা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ভালোবাসা ও প্রাচুর্যের... দেবী পাড়ুকোন সিং’।
ছবিতে দীপিকা ও রণবীরের সঙ্গে দেখা গেছে তাদের বড় মেয়ে দুয়াকেও। চারজনই সোনালি রঙের ঐতিহ্যবাহী পোশাকে ছিলেন। রণবীরের কোলে থাকা দুয়া ছোট বোন দেবীকে আদর করে চুমু দিচ্ছে। অন্যদিকে দীপিকার কোলে ছিল নবজাতক দেবী। ছবিতে ফুটে উঠেছে তারকা পরিবারের আনন্দঘন মুহূর্ত।
দীপিকা-রণবীরের এই পোস্ট প্রকাশের পরই শুভেচ্ছায় ভাসতে থাকে সামাজিক যোগাযোগমাধ্যম। বিনোদন অঙ্গনের শারভারি, মৃণাল ঠাকুর, ভূমি পেডনেকর, প্রজ্ঞা জয়সওয়াল ও হরশদীপ কৌরসহ অনেকে তাদের অভিনন্দন জানিয়েছেন।
গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় সন্তানের মা-বাবা হন দীপিকা ও রণবীর। এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের প্রথম কন্যাসন্তান দুয়া। দ্বিতীয় সন্তানের আগমনে চার সদস্যের পরিবার নিয়ে নতুন অধ্যায় শুরু হলো তাদের।
দীপিকা ও রণবীরের সম্পর্কের শুরু ২০১৩ সালে ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার সেটে। দীর্ঘদিন প্রেমের পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় বিয়ে করেন তারা। বিয়ের আয়োজনে দীপিকার কোঙ্কনি ঐতিহ্য ও রণবীরের সিন্ধি সংস্কৃতির ছাপ ছিল।