
দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত প্রার্থনা ফারদিন দীঘি। রুপালি পর্দায় নিয়মিত দেখা না গেলেও সামাজিক মাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। বিভিন্ন প্রচারণামূলক কাজের পাশাপাশি নিজের ছবি ও মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
এবার সমুদ্রতীরে ভিন্ন রূপে ধরা দিলেন দীঘি। সৈকতে তখন পড়ন্ত রোদ, আকাশজুড়ে বিষণ্নতার আবহ। উত্তাল ঢেউ আছড়ে পড়ছে তীরে। সেই প্রকৃতির মাঝে দাঁড়িয়ে বাতাসের সঙ্গে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেন দীঘি। জলপাই, কালো ও হালকা নীলের সংমিশ্রণে শাড়ি এবং ফ্লোরাল প্রিন্টের ব্লাউজে সেজেছেন তিনি। খোলা চুলে লেগেছে সমুদ্রের বাতাস। কখনো দুই হাত মেলে, কখনো কোমর ও বুকে হাত রেখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী।
ছবিগুলোর ক্যাপশনে মাত্র দুটি শব্দ লিখেছেন দীঘি—‘Blessed Mess’। অর্থাৎ, প্রকৃতির নিবিড় সান্নিধ্যে একদিকে যেমন পরিতৃপ্ত, অন্যদিকে তেমনি কিছুটা এলোমেলো এক অনুভূতির কথাই যেন বোঝাতে চেয়েছেন তিনি।
জানা গেছে, ছবিগুলো কক্সবাজার সমুদ্রসৈকতে তোলা। কিছুদিন আগে একটি প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজের অংশ হিসেবে কক্সবাজারে গিয়েছিলেন অভিনেত্রী।
এদিকে শাড়িতে দীঘির এমন রূপ দেখে উচ্ছ্বসিত তার ভক্ত-অনুরাগীরা। পোস্ট দেওয়ার মাত্র আধাঘণ্টার মধ্যেই ছবিগুলোতে রিঅ্যাকশন পড়েছে ১ হাজার ৩০০-এর বেশি। পাশাপাশি জমেছে নানা মন্তব্য।
এক নেটিজেন লিখেছেন, ‘দীঘি আপু এত সুন্দরী, জানা ছিল না।’ আরেকজন লিখেছেন, ‘তুমি এত সুন্দর কেন?’
অবশ্য ইতিবাচক মন্তব্যের পাশাপাশি কিছু নেতিবাচক মন্তব্যও এসেছে। তবে এসব মন্তব্যে খুব একটা ভ্রুক্ষেপ করেন না অভিনেত্রী—সামাজিক মাধ্যমে নিজের মতো করেই সরব থাকছেন তিনি।