
প্রধানমন্ত্রী তারেক রহমানসহ জাতীয় সংসদের সব সদস্য এবং দেশের ধর্মপ্রাণ মুসলমানদের নিয়মিত নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ আহ্বান জানান।
‘সংসদ সদস্যদের জামাতে নামাজ পড়া উচিত’
মুজিবুর রহমান বলেন, সংসদ অধিবেশন চলার সময় নামাজ আদায়ের জন্য ৩০ মিনিট করে সময় দেওয়া হয়। সংসদ সদস্যদের অধিকাংশই শারীরিকভাবে সুস্থ হওয়ায় তাদের জামাতে নামাজ আদায় করা উচিত।
প্রধানমন্ত্রীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রধানমন্ত্রীও জামাতে নামাজ আদায় করতে চান। তবে শারীরিক অসুস্থতার কারণে তার পক্ষে মসজিদে গিয়ে নামাজ আদায় করা সম্ভব হবে না।
সন্তানদের ছোটবেলা থেকেই নামাজের প্রশিক্ষণের আহ্বান
জামায়াতে ইসলামীর এই নায়েবে আমির বলেন, একদিন আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কেউই ১০০ বছর বেঁচে থাকব না। মৃত্যুর পর সবার কাছেই প্রথমে নামাজের হিসাব দিতে হবে। সেদিন সবাই বিপদের মধ্যে পড়ে যাবেন বলেও মন্তব্য করেন তিনি।
এ কারণে নিজেদের নিয়মিত নামাজ পড়ার পাশাপাশি দেশে যাতে নামাজ কায়েম হয়, সে ব্যবস্থা করার আহ্বান জানান মুজিবুর রহমান।
তিনি বলেন, সন্তানদের পাঁচ বছর বয়স থেকেই নামাজের প্রশিক্ষণ দেওয়া উচিত।
মুজিবুর রহমান আরও বলেন, সন্তানের বয়স ১০ বছর হলে তাকে প্রশাসনিকভাবে নামাজ আদায়ের জন্য তাগিদ দেওয়ার ব্যবস্থা করা উচিত।
একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে নামাজ চালু করা এবং জাকাতের বিধান কায়েম করার আহ্বান জানান তিনি।
তার ভাষ্য, নামাজের বিধান প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি নাগরিকের চরিত্র ভালো করার ব্যবস্থা করতে হবে।
ধর্ম পালনের স্বাধীনতার প্রসঙ্গে স্পিকার
মুজিবুর রহমানের বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, এটি একটি ধর্মীয় বিষয়। প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে।
তিনি বলেন, ইসলাম মানবতার ধর্ম। এই ধর্ম সঠিকভাবে পালন করলে বেহেশতে যাওয়া যাবে। আর ধর্ম পালনে অবহেলা করলে জাহান্নামে যেতে হবে।
ধর্মীয় এই বিধান সম্পর্কে সব সংসদ সদস্যই অবগত আছেন উল্লেখ করে স্পিকার বলেন, আশা করি সংসদ সদস্যরা ধর্মপ্রাণ মানুষ হিসেবে আল্লাহ প্রদত্ত নির্দেশ মেনে চলবেন।