.jpg)
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আলোকোজ্জ্বল রূপে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। আত্মশুদ্ধি, সংযম ও সম্প্রীতির মাসকে বরণ করতে ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে এক ভিন্নমাত্রার উৎসবমুখর আবহ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, বিজয় একাত্তর হল, জিয়াউর রহমান হল, শহীদ ওসমান হাদি হল (প্রস্তাবিত), হাজী মোহাম্মদ মুহসিন হলসহ বিভিন্ন আবাসিক হলের প্রবেশপথ ও ভেতরের অংশ সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। গেটজুড়ে টানানো হয়েছে রমজানের শুভেচ্ছাবার্তা। চাঁদ-তারা, মসজিদের মিনার এবং ইসলামী নকশায় সজ্জিত করা হয়েছে হলের প্রবেশদ্বার। পাশাপাশি রমজান-থিমের ব্যানার ও ফেস্টুনও শোভা পাচ্ছে বিভিন্ন স্থানে।
রমজান শুরুর আগেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের উদ্যোগে এই সাজসজ্জার আয়োজন করা হয়। ইতোমধ্যে এ উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি না থাকলেও হল সংসদের প্রচেষ্টায় তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ আয়োজন বাস্তবায়ন করেছেন।
শহীদ ওসমান হাদি হলের (প্রস্তাবিত) আবাসিক শিক্ষার্থী সোহাগ হোসেন বলেন, “প্রতিবছরই রমজানে হলে ভিন্ন এক আবহ তৈরি হয়। তবে এবারের সাজসজ্জা সত্যিই ব্যতিক্রম। আমরা চাই, রমজান ছাড়াও জাতীয় ও সাংস্কৃতিক দিবসগুলোতেও এমন সৃজনশীল উদ্যোগ দেখা যাক।”
ঢাবির সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ হাবিব বলেন, “হলগুলোতে রমজান উপলক্ষ্যে উৎসবের আমেজ মন ভালো করে দেয়। পরিবার থেকে দূরে হলের বাকিদের সাথে আনন্দ ভাগাভাগি এবং বর্ণিল রঙে সুসজ্জিত হল অন্য রকম অনুভূতি দেয়।”
শহীদ ওসমান হাদি হলের এজিএস মুশফিক তাজওয়ার মাহির বলেন, “বরাবরের মতোই রমজান উপলক্ষ্যে হলগুলোতে আলোকসজ্জা করা হচ্ছে। তবে এবারেরটা একটু ব্যতিক্রম। হল সংসদের নেতৃবৃন্দ বিভিন্নভাবে স্পন্সর ম্যানেজ করে যতটা সম্ভব উৎসবমুখর পরিবেশ তৈরি করতে চেষ্টা করেছেন।”
