
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসেছে দুই বাংলার তারকাদের এক বর্ণিল মিলনমেলা। নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সের (এনএবিসি) ৪৬তম আসরে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পী, নির্মাতা ও সাহিত্যিকরা এক মঞ্চে মিলিত হয়েছেন।
চার দিনব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী, মামনুন ইমন, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, লেখক সাদাত হোসেন এবং নির্মাতা রেদওয়ান রনিসহ আরও অনেকে।
পশ্চিমবঙ্গ থেকে সম্মেলনে যোগ দিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা যীশু সেনগুপ্ত, সৌরভ, দর্শনা বণিক, পায়েল মুখার্জিসহ চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের আরও অনেক পরিচিত মুখ।
প্রতি বছরের মতো এবারও উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজারো বাংলা ভাষাভাষী মানুষ সম্মেলনে অংশ নিয়েছেন। গান, নাটক, চলচ্চিত্র, সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন ঘিরে মুখর হয়ে উঠেছে পুরো অনুষ্ঠান।
এবারের সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল বাংলা চলচ্চিত্র প্রদর্শনী। বাংলাদেশ থেকে প্রদর্শিত হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’, ‘সাবা’ এবং ‘দম’। অন্যদিকে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে প্রদর্শিত হচ্ছে ‘পুতুল নাচের ইতিকথা’, ‘ডিপ ফ্রিজ’ এবং ‘দেবী চৌধুরানী’।