
খুলনার তেরখাদায় নদী পার করে দেওয়ার কথা বলে এক নারীকে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের শ্যামনগর এলাকার একটি পরিত্যক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন তেরখাদার মধুপুর এলাকার সামিউল শেখ (২৮), মাজাহারুল কাজী (২২) ও শাজাহান শরীফ (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, ওই নারী নদী পার হয়ে দিঘলিয়ায় যাওয়ার জন্য মধুপুর ইউনিয়নের বেলেঘাট এলাকায় অপেক্ষা করছিলেন। এ সময় নদীতে মাছ ধরার কাজে নিয়োজিত কয়েকজন ব্যক্তি তাঁকে নদী পার করে দেওয়ার কথা বলে নৌকায় তোলেন।
অভিযোগ অনুযায়ী, তাঁকে নির্ধারিত গন্তব্যে না নিয়ে নদী থেকে কয়েকশ গজ দূরে শ্যামনগর এলাকার একটি পরিত্যক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী।
খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।