
দীর্ঘ ১৬ বছর আগের একটি মামলায় আদালতে বারবার অনুপস্থিত থাকার অভিযোগে নতুন করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। উত্তরপ্রদেশের ঝাঁসির একটি আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সালে প্রচারিত টেলিভিশন অনুষ্ঠান ‘রাখি কা ইনসাফ’কে কেন্দ্র করে মামলাটির সূত্রপাত। ঝাঁসির প্রেম নগরের বাসিন্দা লক্ষ্মণ পারিবারিক বিরোধের জেরে ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন রাখি সাওয়ান্ত।
অভিযোগে বলা হয়, অনুষ্ঠানে লক্ষ্মণকে উদ্দেশ করে অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেছিলেন রাখি। তাঁকে ‘নপুংসক’ বলেও কটাক্ষ করা হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়। এসব মন্তব্যের কারণে লক্ষ্মণ মানসিকভাবে বিপর্যস্ত হন এবং সামাজিকভাবে হেনস্তার শিকার হন বলে অভিযোগকারীদের দাবি।
২০১০ সালের নভেম্বর মাসে লক্ষ্মণের মৃত্যু হয়। ছেলের মৃত্যুর পর তাঁর মা সাবিত্রী প্রেম নগর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, ওই বছরের অক্টোবরে প্রচারিত অনুষ্ঠানের একটি পর্বে তাঁর ছেলেকে অপমানজনক ভাষায় আক্রমণ করা হয়েছিল।
এ ঘটনায় রাখি সাওয়ান্তসহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ইচ্ছাকৃতভাবে অপমান করার অভিযোগে মামলা করা হয়।
মামলার পরবর্তী পর্যায়ে রাখিকে সশরীরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে বলা হয়েছিল। কিন্তু একাধিকবার নোটিশ পাঠানোর পরও তিনি হাজির হননি বলে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার বিচারক তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
তবে মামলাটিতে উত্থাপিত অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।