
গত ১০ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’। অনুষ্ঠানে অংশ নিতে সেখানে যান ঢালিউডের একঝাঁক তারকা। তাঁদের মধ্যে ছিলেন অভিনেত্রী তমা মির্জাও।
অনুষ্ঠান শেষ হলেও গত কয়েক দিন ধরে নিউইয়র্কেই অবস্থান করছেন এই অভিনেত্রী। ঘুরে বেড়াচ্ছেন শহরের বিভিন্ন প্রান্তে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ভ্রমণের ছবিও ভক্ত ও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি।
তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে তমা মির্জার পোস্ট করা নতুন কিছু ছবি বেশ নজর কেড়েছে। ছবিগুলোতে তাঁকে দেখা গেছে ফরমাল লুকে। হালকা অফ-হোয়াইট টপসের ওপর বড় সাদা ওভারকোট আর চোখে কালো চশমা-সব মিলিয়ে আকর্ষণীয় সাজে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
ছবিগুলোতে দেখা যায়, নিউইয়র্কের একটি স্ট্রিট ক্যাফের টেবিলে বসে ক্যামেরায় ধরা দিয়েছেন তমা। কয়েকটি ছবিতে তাঁর চোখেমুখে ফুটে উঠেছে আত্মবিশ্বাসী, আবেদনময়ী ও গ্ল্যামারাস অভিব্যক্তি।
ছবিগুলোর ক্যাপশনে তমা মির্জা লিখেছেন, ‘ঝরে পড়া সোনালি পাতার মরশুম এবং কিছু অবিস্মরণীয় মুহূর্ত। নিউইয়র্ক সবসময়ই একটা আলাদা অনুভূতি।’
তমার নতুন এই লুক ইতোমধ্যে ভক্ত ও অনুরাগীদের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলোর মন্তব্যের ঘরে তাঁর সৌন্দর্য ও স্টাইলের প্রশংসা করছেন ভক্তদের পাশাপাশি সহকর্মীরাও।