
ঢালিউডের অভিনেত্রী পূজা চেরীকে সাম্প্রতিক সময়ে বড়পর্দায় খুব একটা দেখা যাচ্ছে না। সর্বশেষ কুরবানির ঈদে মুক্তি পাওয়া সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায় দেখা গেছে তাকে। যদিও সিনেমাটির শুটিং হয়েছিল বেশ আগেই। এরপর গত কয়েক মাসে নতুন কোনো চলচ্চিত্রে যুক্ত হওয়ার খবর সামনে আসেনি। এর পরিবর্তে ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও বিয়ে নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
কাজের খবর না থাকলেও এবার শারদীয় দুর্গোৎসবের আনন্দে মেতে উঠেছেন পূজা চেরী। দুর্গাপূজা উপলক্ষে অন্যান্য তারকার মতো তিনিও বিভিন্ন পূজামণ্ডপে ঘুরছেন, মায়ের চরণে অঞ্জলি দিচ্ছেন এবং ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন উৎসবের মুহূর্তগুলো।
দুর্গাপূজার প্রথম দিন থেকেই মন্দির ও পূজামণ্ডপে উপস্থিত হতে দেখা গেছে তাকে। সপ্তমীতে বনানীর আলোচিত একটি পূজামণ্ডপে ঘুরতে গিয়ে সেখানকার ছবি ফেসবুকে প্রকাশ করেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমীতেও নিজের সাজে ভক্তদের নজর কেড়েছেন ‘পোড়ামন ২’খ্যাত এই অভিনেত্রী। লাল পাড়ের সাদা শাড়ি, কাপড়ে ছোট ছোট নকশা, হাতে চুড়ি আর গলায় হালকা গয়নায় সেজেছিলেন তিনি। সাদামাটা সাজেও তার উপস্থিতি ছবিগুলোতে আলাদা করে নজর কেড়েছে।
সোমবার রাতে ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন পূজা চেরী। ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, মহাষ্টমীতে তিনি গ্রামের কোনো পূজামণ্ডপে গিয়েছিলেন। বাড়ির ভেতরে তৈরি ওই মণ্ডপের পাশাপাশি সেখানকার একটি পুকুরের পাশেও ছবি তুলেছেন অভিনেত্রী।
ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে পূজা চেরী লেখেন, ‘আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা— সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা।’
তিনি আরও লেখেন, ‘মায়ের চরণে অর্পিত হোক একমুঠো ফুল, একরাশ বিশ্বাস আর পৃথিবীর সকলের মঙ্গলকামনা। সকলকে জানাই শুভ মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা।’
অভিনেত্রীর এই সাজ ও ছবিগুলো ভক্তদেরও প্রশংসা কুড়িয়েছে। মন্তব্যের ঘরে এক অনুসারী লিখেছেন, ‘সুন্দরতম মানবী। ভালোবাসি তোমাকে।’ আরেকজন জানিয়েছেন, পূজা চেরীকে সরাসরি দেখার ইচ্ছার কথা। অন্য এক ভক্তের মন্তব্য, ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা।’