
রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দোকানটি থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয়েছে।
শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাংগস প্লাজার ‘পূরবী জুয়েলার্সে’ এ ঘটনা ঘটে।
দোকানের বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ জানান, শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাওয়ানোর পর তারা অচেতন হয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা দোকানে ঢুকে স্বর্ণালংকার লুট করে।
দোকানটির মালিক অমিত ঘোষের দাবি, ডাকাতরা প্রায় ২ হাজার ভরি স্বর্ণালংকার এবং ১০ থেকে ১২ লাখ টাকা নগদ নিয়ে গেছে।
ধানমন্ডি থানার এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, নিরাপত্তাকর্মীদের অচেতন করে ডাকাতির ঘটনায় মলের কয়েকজন নিরাপত্তাকর্মীর সম্পৃক্ততার সন্দেহ করছে পুলিশ। এ ঘটনায় মলের দুই নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে আরও চারজনকে।
দোকানটির জ্যেষ্ঠ বিক্রয়কর্মী সঞ্জীব শীল প্রথম আলোকে জানান, ঘটনার পর তিন নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের একজন জুয়েলার্সের এবং দুজন শপিং মলের নিরাপত্তাকর্মী।
সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে মলের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া আরও দুজনকে শনাক্ত করা যায়নি। ফুটেজে দেখা যায়, নিখোঁজ এক নিরাপত্তাকর্মী সরাসরি দুর্বৃত্তদের দোকানে প্রবেশে সহায়তা করেছেন।
ঘটনার পর শুক্রবার দুপুরে পুলিশ শপিং মলটি ঘিরে রাখে। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।