
ঘুষ গ্রহণের অভিযোগে ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে খনি বিভাগের এক উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে রাজ্য ভিজিল্যান্স বিভাগ। গ্রেপ্তারের পর তার বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণ উদ্ধার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দ বাজার পত্রিকা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত ওই প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, আটক কর্মকর্তার নাম দেবব্রত মোহান্তি। তিনি কটক সার্কেলের খনি বিভাগের ডেপুটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছিল, বিশেষ করে কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নেওয়ার বিষয়টি সামনে আসে। এসব অভিযোগের ভিত্তিতে রাজ্য ভিজিল্যান্স বিভাগ তার ওপর নজরদারি শুরু করে।
মঙ্গলবার এক কয়লা ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এরপর তার তিনটি ঠিকানায় তল্লাশি চালানো হয়। ভুবনেশ্বরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি ট্রলিব্যাগ ও আলমারিভর্তি বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়।
তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, আরও নগদ অর্থ লুকানো থাকতে পারে। পাশাপাশি তল্লাশিতে উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণও জব্দ করা হয়েছে।