
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, সারাদেশে সড়কে চাঁদাবাজির কোন সুযোগ নেই। আর লক্ষ্মীপুরে তো নাই-ই। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সারাদেশে সড়কে চাঁদাবাজি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
৩ দিনের সফরে এ্যানি চৌধুরী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নিজ জেলা লক্ষ্মীপুরে এসেছেন। সকালে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন। এর আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
সার্কিট হাউসে এ্যানি চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী প্রমুখ।
এ্যানি চৌধুরী বলেন, লক্ষ্মীপুরের জলাবদ্ধতা দূরীকরণের জন্য ইতিমধ্যেই বৃহত্তর নোয়াখালীর মধ্যে একটি নতুন প্রকল্প - ভুলুয়া নদী খনন এবং রহমতখালী খাল পুনঃখনন করার উদ্যোগ নেওয়া হবে। আমরা যদি এই প্রকল্পটি হাতে নিতে পারি, লক্ষ্মীপুরে যে জলাবদ্ধতা-ব্যাধি দীর্ঘদিনের মানুষের যেই কষ্টের স্থান, সেখান থেকে আমরা মুক্ত হতে সক্ষম হবো। পরিকল্পনা অনুযায়ী প্রকল্প আমরা গ্রহণ করার ইচ্ছে রাখি, আমরা সেই দিকেই নজর দিচ্ছি। মেঘনা নদী ও রহমতখালী খালপাড়ে ভাঙন রয়েছে, পিজিভিলিটি স্ট্যাডির মাধ্যমে তা সমাধানের লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। দেশব্যাপী খাল খনন করা হবে। ১৮০ দিনের কর্মসূচির মধ্যে সর্বোচ্চ সেটি করা হবে। খুব শিগগিরই খাল খনন কর্মসূচি শুরু হবে। তার মধ্যে লক্ষ্মীপুরও অন্তর্ভুক্ত থাকবে।