
খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধসহ তিন দফা দাবিতে রোববার (১৪ জুন) থেকে এ ধর্মঘট শুরু হবে বলে জানিয়েছেন নেতারা।
বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফকির শহীদুল ইসলাম জানান, ধর্মঘটের আওতায় থাকবে বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলা।
পরিবহন নেতাদের দাবি, স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক হলেও দীর্ঘদিনের সমস্যাগুলোর কোনো কার্যকর সমাধান হয়নি। ফলে সাতটি বাস মালিক সমিতি ও সাতটি শ্রমিক ইউনিয়ন যৌথভাবে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে।
তিন দফা দাবি হলো—সরকারি নীতিমালা লঙ্ঘন করে অনুমোদনের বাইরে অতিরিক্ত বিআরটিসি ও লিজ দেওয়া গাড়ি চলাচল বন্ধ করা ও জেলা টার্মিনাল ছাড়া পথে পথে গড়ে ওঠা অবৈধ কাউন্টার অপসারণ, আঞ্চলিক মহাসড়কে মাহেন্দ্র, নছিমন, করিমন ও অটোরিকশাসহ সব ধরনের অবৈধ থ্রি-হুইলার চলাচল সম্পূর্ণ বন্ধ করা এবং দূরপাল্লার পরিবহনে নীতিমালার বাইরে লোকাল বা মাঝপথের যাত্রী পরিবহন বন্ধ করা।
বাস মালিক নেতা ফকির শহীদুল ইসলাম বলেন, খুলনা ও বরিশাল বিভাগের সড়কগুলোতে অনুমোদনহীন অতিরিক্ত বিআরটিসি ও লিজ নেওয়া বাস চলাচল করছে। মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার অবাধে চলাচল করায় পরিবহন খাতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এসব বিষয়ে প্রশাসনকে বারবার অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি আরও বলেন, ধর্মঘট শুরু হলে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় সব ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ থাকবে।
এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) গোলাম মো. বাতেন বলেন, পরিবহন মালিকদের তিন দফা দাবির বিষয়ে প্রশাসন অবগত রয়েছে। অনির্দিষ্টকালের ধর্মঘট এড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।