
চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে বিএনপি নেতা মোহাম্মদ শামসুল আলমের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধাওয়া করে দুজনকে আটক করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে কোতোয়ালী থানার অধীন খাতুনগঞ্জ এলাকায় মেসার্স ইলিয়াছ ব্রাদার্স (এমইবি) নামের ব্যবসাপ্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। আটক দুজন হলেন তানজীরুল (২৮) ও অনীক দত্ত (২৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল খাতুনগঞ্জ এলাকায় প্রবেশ করে। মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে লাঠিসোঁটা হাতে একদল ব্যক্তি একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ইলিয়াছ ব্রাদার্সের কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালান। পরে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়ীরা ধাওয়া করে দুজনকে আটক করেন। এরপর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
হামলার শিকার ব্যবসাপ্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামসুল আলম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতিও।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সহকারী শাহ আলম বলেন, হামলায় কার্যালয়ের কাচের দরজা, একাধিক কক্ষ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ব্যবসাপ্রতিষ্ঠানটিতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।