
পটুয়াখালীর কলাপাড়ায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে নৈশপ্রহরীর চিৎকারে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত ৪টার দিকে পৌর শহরের রহমতপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
শাখাটির ব্যবস্থাপক মো. আলাউদ্দিন জানান, ভোররাতে দুর্বৃত্তরা ব্যাংকের দোতলায় আগুন ধরিয়ে দেয়। বিষয়টি নৈশপ্রহরী কিশোরের নজরে এলে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাদের সহযোগিতায় কিশোর আগুন নেভাতে সক্ষম হন। তবে এ সময় দুর্বৃত্তরা প্রাচীর টপকে পালিয়ে যায়। ঘটনার পর ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলেও জানান তিনি।
ব্যাংক-সংলগ্ন এলাকার বাসিন্দা ও উপজেলা বিএনপির সদস্য আবদুস সোবহান বলেন, ভোররাতে নৈশপ্রহরীর চিৎকার শুনে তিনি ঘর থেকে বেরিয়ে আসেন। পরে ব্যাংকে গিয়ে দেখেন, স্থানীয়দের চেষ্টায় আগুন প্রায় নিভে গেছে। আগুন ব্যাংকের ভেতরে ছড়িয়ে পড়তে না পারায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার সকালে ব্যাংক কার্যালয়ে গিয়ে দেখা যায়, কর্মীরা পানি দিয়ে আগুনে পুড়ে যাওয়া স্থান পরিষ্কার করছেন। এ সময় ঘটনাস্থলে পুলিশের একটি টহল দলকেও উপস্থিত থাকতে দেখা যায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে পেট্রল ঢেলে আগুন দেওয়ার কোনো আলামত পাওয়া যায়নি। তবে যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ সতর্ক ও তৎপর রয়েছে।