
নাটোরের বড়াইগ্রামে এক ব্যবসায়ীকে পাঁচ ঘণ্টা আটকে রেখে চার লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেনের বিরুদ্ধে।
এ বিষয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ কঠোর অবস্থান নেওয়ার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জোনাইল ইউনিয়নের পাগলা বাজারে ওই টাকা ফেরত দেন বাবুল হোসেন ও তাঁর অনুসারীরা। বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল কাদের।
আব্দুল কাদের বলেন, মঙ্গলবার জোনাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন, বিএনপি নেতা আফসার আলী, রফিকুল ইসলামসহ অন্যদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে মীমাংসা হয়। এ সময় তাঁরা তাঁকে ৩ লাখ ৭৫ হাজার টাকা ফেরত দেন।
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সাংবাদিকরা এ বিষয়ে শক্ত ভূমিকা নেওয়ায় তিনি টাকা ফেরত পেয়েছেন। এ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অভিযুক্ত ছাত্রদল নেতা বাবুল হোসেন বলেন, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। এখন তার অবসান হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা বিলে একটি সেতুর মুখে সূতিজাল বসিয়ে মাছ ধরছিলেন ছাত্রদল নেতা বাবুল হোসেন। উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে সূতিজাল উচ্ছেদ করে। একই সঙ্গে চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ ঘটনায় আব্দুল কাদেরকে দায়ী করেন বাবুল।
বাবুলের ধারণা, আব্দুল কাদের উপজেলা প্রশাসনকে খবর দিয়ে অভিযান পরিচালনায় সহযোগিতা করেছেন। এ অভিযোগ তুলে বাবুল ও তাঁর লোকজন আব্দুল কাদেরকে আটকে রেখে ক্ষতিপূরণের নামে ১২ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয়। পরে চার থেকে পাঁচ ঘণ্টা আটকে রেখে বাড়ি থেকে লোক মারফত ৩ লাখ ৭৫ হাজার টাকা এনে দিতে বাধ্য করা হয়। এ সময় আরও ১ লাখ ২৫ হাজার টাকা দেওয়ার অঙ্গীকারও আদায় করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
এ ঘটনার পর শুক্রবার রাতে আব্দুল কাদের বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে ১৭ জনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন—জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন (৩০), সদস্যসচিব সাব্বির হোসেন (৩২), কর্মী জাহিদুল ইসলাম (৩০), সুজন মিয়া (২৮), বিএনপি নেতা আফসার আলী (৫৫), রফিক সরকার (৪৫), আস্তল আলী (৩০), রুবেল হোসেন (৩০) ও জোবায়ের হোসেন (৩৫)।
অভিযোগে আব্দুল কাদের বলেন, জোনাইলের পাগলা বাজার ও চামটা বিলে তাঁর জমিজমা রয়েছে। গত ১০ নভেম্বর মঙ্গলবার সারাদিন চামটা বিলে সূতিজাল উচ্ছেদ ও চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। ওই দিন দুপুরে চামটা বিলের জমি থেকে বাড়ি ফেরার পথে চামটা গ্রামের আফসার আলীর বাড়ির পাশ থেকে তাঁকে তুলে চামটা বিলে নিয়ে যান বাবুল হোসেন ও তাঁর লোকজন।
তিনি বলেন, একপর্যায়ে তাঁর কাছে ১২ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয়। পরে চার থেকে পাঁচ ঘণ্টা আটকে রেখে কমপক্ষে পাঁচ লাখ টাকা নগদ পরিশোধের জন্য চাপ দেওয়া হয়। বাধ্য হয়ে তিনি বাড়ি থেকে ৩ লাখ ৭৫ হাজার টাকা আনিয়ে তাঁদের দেন। বাকি ১ লাখ ২৫ হাজার টাকার জন্যও তাঁকে অঙ্গীকার করতে হয়। ওই সময় বাবুল হোসেন ও আফসার আলীসহ কয়েকজন উপস্থিত ছিলেন। আফসার আলী তাঁর হাত থেকে টাকা নেন বলেও অভিযোগ করেন আব্দুল কাদের।
এ বিষয়ে মুখ খুললে বা থানায় অভিযোগ করলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, শান্তিপূর্ণ সমাধান হওয়ায় ভুক্তভোগী অভিযোগ তুলে নিতে রাজি হয়েছেন। তবে ভবিষ্যতে এ ধরনের চাঁদাবাজি বন্ধে পুলিশ কঠোর ভূমিকা রাখবে।