
পটুয়াখালীর চারটি সংসদীয় আসনের মধ্যে দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাকি দুই আসনের একটিতে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং অন্যটিতে জয় পেয়েছে গণ অধিকার পরিষদ।
শুক্রবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন চৌধূরীর স্বাক্ষরিত নথির বরাতে বেসরকারিভাবে ফলাফল নিশ্চিত করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী।
পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি)
এ আসনে বিএনপি প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ১ লাখ ৫২ হাজার ৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মো. ফিরোজ আলম পেয়েছেন ৫৮ হাজার ১৬১ ভোট।
পটুয়াখালী-২ (বাউফল)
এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদ দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. সহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭২ হাজার ৬৭৬ ভোট।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা)
বিএনপি জোট সমর্থিত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ট্রাক প্রতীকে ৯৭ হাজার ৩২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন পেয়েছেন ৮১ হাজার ৩৬১ ভোট।
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী)
এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ১ লাখ ২৪ হাজার ১৩ ভোট পেয়ে জয় লাভ করেছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৭০ হাজার ১২৭ ভোট।
চারটি আসনের ফলাফলে পটুয়াখালী জেলায় বিএনপি সবচেয়ে বেশি আসন পেলেও অন্য দুই আসনে ভিন্ন দলের জয় স্থানীয় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।