
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে বরগুনায়। প্রথমবারের মতো কোনো একক আসনে বিজয় পেয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। দলটির মনোনীত প্রার্থী মো. অলি উল্লাহ বরগুনা-১ (আমতলী-তালতলী) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত বেসরকারি ফলাফলে দেখা যায়, ‘হাতপাখা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা অলি উল্লাহ পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৩৩৬ ভোট। ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৪ হাজার ১৭৫। ইসলামী আন্দোলনের জন্য এই জয়কে ঐতিহাসিক অর্জন হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী-র নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট থেকে বেরিয়ে আসে বাংলাদেশ ইসলামী আন্দোলন। পরে দলটি স্বতন্ত্রভাবে ২৬৮টি আসনে প্রার্থী দেয়। তবে একমাত্র বরগুনা-১ আসনেই তারা কাঙ্ক্ষিত সাফল্য পায়।
নবনির্বাচিত সংসদ সদস্য অলি উল্লাহ বলেন, বরগুনার জনগণ এখন আমার জিম্মাদার। তাদের দেওয়া দায়িত্ব একটি আমানত। কীভাবে তাদের মনোবাসনা পূরণ করবো, কীভাবে এলাকার উন্নয়ন করবো-সে বিষয়টি নিয়েই আমি বেশি চিন্তিত।
তিনি আরও বলেন, কেউ যদি ক্ষমতার চেয়ারে বসে সে যেন আগুনের চাদর গায় দিলো, কারন আমি মনে করি জনগন যদি কষ্ট পায় সে কষ্টটা আমার এবং আল্লাহ কাছে জবাবদিহি করতে হবে।