
ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাঁচতলা একটি ভবন ধসে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দুপুর সাড়ে ১টার দিকে রাজধানীর সত্য নিকেতনের শিব মন্দিরের কাছে ‘হোস্টেল ডেজ’ নামে পেইং গেস্ট হিসেবে ব্যবহৃত ৪৫ থেকে ৫০ বছরের পুরোনো ভবনটি ধসে পড়ে।
ঘটনাস্থলে দিল্লি পুলিশ, ফায়ার সার্ভিস, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। ধ্বংসস্তূপ সরাতে একাধিক খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে।
দ্য হিন্দুর প্রতিবেদনে আরও বলা হয়, দুর্ঘটনার পরপরই দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনী প্রচারণায় থাকা শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগেই তারা ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে বের করে আনেন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটিতে প্রায় ১৫টি কক্ষ ছিল। এর নিচতলায় সংস্কারকাজ চলছিল। কাজ চলার সময়ই হঠাৎ পুরো ভবনটি ধসে পড়ে।
পাশের ভবনের বাসিন্দারা জানান, ঘটনার সময় তারা হঠাৎ ভূমিকম্পের মতো কম্পন অনুভব করেন। এর পরপরই মুহূর্তের মধ্যে ভবনটি ধসে পড়ে।
নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাকবলিত ভবনের পাশের একটি ভবনও খালি করে দেওয়া হয়েছে।
ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তার আশ্বাস দিয়েছেন।
ভবন ধসের কারণ জানতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।