-6ade06ed6a102.webp)
পরীমনির জন্য বিমানে শিউলি ফুল পাঠানোর ঘটনায় নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়। এ প্রসঙ্গ টেনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চট্টগ্রামের ধনী পরিবারের স্ত্রীদের দুশ্চিন্তার কথা উল্লেখ করার পাশাপাশি অভিনেত্রী পরীমনির কাজ ও ব্যক্তিত্বেরও প্রশংসা করেছেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এসব কথা লেখেন জয়।
পোস্টে পরীমনির প্রশংসা করে তিনি লেখেন, “আমার কাছে কেন যেন মনে হয়, পরীমনি এ সময়ের অন্যতম এক নায়িকা, যিনি এই ইন্ডাস্ট্রিকে আপন ভাবেন। ইন্ডাস্ট্রির মানুষকে খাওয়ান এবং তাদের সম্মান দেখান। কোনো ফিল্মের প্রেস কনফারেন্সের জন্য কিংবা কাভারেজের জন্য নয়, ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা ছড়িয়ে দেওয়ার জন্য।”
পরীমনিকে বাংলাদেশের বড় তারকাদের একজন উল্লেখ করে জয় আরও লেখেন, “সে নিঃসন্দেহে বাংলাদেশের বড় একজন সেলিব্রেটি। তাকে চেনে না এই দেশে এমন কেউ নেই। তার জন্য শুভকামনা।”
এরপর পরীমনির জন্য বিমানে করে শিউলি ফুল পাঠানোর বিষয়টি তুলে ধরে চট্টগ্রামের ধনী পরিবারের স্ত্রীদের নিয়ে রসিকতা করেন জয়। তিনি লেখেন, “কিন্তু চট্টগ্রামের বড়লোকদের বউরা কাল রাত থেকে খুবই দুশ্চিন্তায় আছে। কার স্বামী পরীমনির জন্য এত শিউলি ফুল বিমানে করে পাঠাল? আপনারা তো নিশ্চয়ই লোকটিকে খুঁজে পেলে মিডিয়ায় ধরিয়ে দেবেন।”
ওই ব্যক্তিকে আড়ালে থাকার পরামর্শ দিয়ে জয় আরও লেখেন, “তবে আমি চাই লোকটা বেঁচে যাক। ধরা না পড়ুক। এরকম শিউলি ফুল তো আমিও কতজনকে দিয়েছি। কিন্তু ধরা পড়ি নাই। এক পাপী আরেক পাপীর পক্ষ নেবে, এটাই তো স্বাভাবিক।”