.jpeg)
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাকিমপাড়া গ্রামে অবস্থিত হাকিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আব্দুল হান্নানের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয় প্রাঙ্গণে থাকা ১টি কনক গাছ ও ৩টি জাম গাছসহ মোট ৪টি গাছ উপজেলা শিক্ষা অফিসকে অবগত না করে এবং ম্যানেজিং কমিটির কোনো রেজুলেশন ছাড়াই তিনি বিক্রি করে দিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, সরকারি সম্পত্তি বিক্রির ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ও কমিটির সিদ্ধান্ত বাধ্যতামূলক হলেও প্রধান শিক্ষক কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে ব্যক্তিগতভাবে গাছগুলো বিক্রি করে দেন। এ ঘটনায় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা অফিস ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযুক্ত শিক্ষক আব্দুল হান্নান জানান, বিষয়টি স্কুল কমিটির সভাপতি ও সহকারী শিক্ষা অফিসার আরিফুল ইসলামের অনুমতি নিয়ে গাছ বিক্রি করা হয়েছেন।
আরিফুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক স্কুল আঙ্গিনায় বজ্রপাতে ক্ষতিগ্রস্ত ১টি গাছের কথা জানিয়েছেন। সে মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় গাছটি কেটে পেলার জন্য মুখিক ভাবে অনুমতি দিয়েছেন বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।