
হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় থাকলেও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে শেষ পর্যন্ত নিজের জামানতও ধরে রাখতে পারলেন না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। কেটলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে তিনি পেয়েছেন মাত্র ৩ হাজার ৪২৬ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২টি। নির্বাচন বিধি অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষার জন্য মোট বৈধ ভোটের অন্তত আট ভাগের এক ভাগ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হয়। সেই হিসেবে মান্নার প্রয়োজন ছিল ৩০ হাজার ৪৭৬ ভোট। কিন্তু তিনি পেয়েছেন মোট বৈধ ভোটের মাত্র ১ দশমিক ৪ শতাংশ।
ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীক নিয়ে মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান অর্জন করেছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট। এই দুই প্রার্থী ছাড়া প্রতিদ্বন্দ্বিতায় থাকা আরও পাঁচজন প্রার্থীই জামানত হারিয়েছেন।
বগুড়া-২ আসনে মোট ভোটারের ৭২ দশমিক ৬৩ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।