
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি মৌসুমের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে তিনি এ বছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন।
ফ্লাইট উদ্বোধনের পর রাত সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী উড়োজাহাজে উঠে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি হজযাত্রীদের উদ্দেশে বলেন, আপনারা আল্লাহর ঘরে যাচ্ছেন। দেশের জন্য দোয়া করবেন, যেন দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। আমিও দোয়া করি, আপনারা সুস্থভাবে হজ পালন শেষে দেশে ফিরতে পারেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ১৮ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেছে। অথচ চলতি বছরের হজ ব্যবস্থাপনার প্রস্তুতি ফেব্রুয়ারির শুরুতেই সম্পন্ন হয়ে গিয়েছিল।
ফলে খুব বেশি পরিবর্তন আনার সুযোগ না থাকলেও সরকার চেষ্টা করেছে হজযাত্রীদের ব্যয় কমাতে। তিনি জানান, এবার হজের খরচ প্রায় ১২ হাজার টাকা পর্যন্ত কমানো সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, আগামী বছর যারা হজে যাবেন তাদের জন্য আরও খরচ কমানোর চেষ্টা করা হবে। একই সঙ্গে হজ ব্যবস্থাপনা আরও উন্নত করে যাত্রীদের ভোগান্তি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।