
গার্মেন্টস শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির লক্ষ্যে মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে সভাটি শুরু হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মালিকপক্ষের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
সভায় গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিরা শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে লিখিত প্রস্তাব জমা দেবেন। এরপর শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের জন্য নিম্নতম মজুরির হার নির্ধারণে সুপারিশ তৈরির বিষয়ে আলোচনা হবে।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গঠিত নিম্নতম মজুরি বোর্ডের এ সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গত ১৬ নভেম্বর বোর্ডের নির্ধারিত সভাটি অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছিল। পরে বোর্ডের কার্যক্রমের ধারাবাহিকতায় ২৩ নভেম্বর তৃতীয় সভা আয়োজনের সিদ্ধান্তের কথা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের মতামত এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনার মাধ্যমে গার্মেন্টস শিল্পের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির কাজ এগিয়ে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।