
দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ আরও বেড়ে ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন বা ৩৭ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৬১৬ দশমিক ৫০ মিলিয়ন বা ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলার।
এর আগে ২০ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন ডলার।
অর্থাৎ, চার দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ১১৮ দশমিক ৭৫ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ হিসাবে রিজার্ভ বেড়েছে প্রায় ৮৩ দশমিক ৬১ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী নিট রিজার্ভ হিসাব করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।