
জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মাহবুব আলম। আগামী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ব্যাংকিং পেশাজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
বুধবার (২৫ নভেম্বর) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের পিআরডি ফেরদৌস আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মো. মাহবুব আলম ১৯৯৫ সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) কর্মজীবন শুরু করেন। পরের বছর ১৯৯৬ সালে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মধ্য দিয়ে তার ব্যাংকিং পেশার যাত্রা শুরু হয়।
দীর্ঘ কর্মজীবনে তিনি যমুনা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া করপোরেট ব্যাংকিংয়ের বিভিন্ন বিভাগেও কাজ করেছেন তিনি। পরবর্তী সময়ে এনসিসি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবেও দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে মো. মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ সম্পন্ন করেন।
১৯৭৩ সালে নরসিংদীর মনোহরদী উপজেলার দীঘাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন মো. মাহবুব আলম। তার বাবা মুসলেহ উদ্দিন আহমেদ এবং মা হাসনা বানু।
তার দূরদর্শী নেতৃত্বে জনতা ব্যাংক পিএলসি বর্তমান সংকট কাটিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে প্রত্যাশা করছেন ব্যাংকটির গ্রাহক, শুভানুধ্যায়ী এবং কর্মকর্তা-কর্মচারীরা।