
বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্বের আরও কয়েকটি দেশের পণ্যের ওপর নতুন করে বিভিন্ন হারে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশগুলোর উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা এবং উৎপাদনসংক্রান্ত কার্যক্রম নিয়ে তদন্তের পর এ প্রস্তাব সামনে এনেছে মার্কিন প্রশাসন।
প্রস্তাবের আওতায় রয়েছে বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন, চীন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, জাপান ও ভারত। তবে সব দেশের জন্য একই হারে শুল্ক নির্ধারণ করা হয়নি। দেশ ও পণ্যভেদে শুল্কের হার আলাদা হবে।
বাংলাদেশের পণ্যের ওপর নতুন করে ঠিক কত শতাংশ শুল্ক আরোপ করা হবে, তা এখনো চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) প্রস্তাবিত হার অনুযায়ী, পণ্যভেদে এই শুল্ক সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত হতে পারে।
দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি শুল্কের মুখে পড়তে পারে চীন। দেশটির পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। এরপর ভিয়েতনামের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত শুল্কের কথা বলা হয়েছে। অন্য দেশগুলোর জন্য ২০ অথবা ২৫ শতাংশ শুল্ক প্রযোজ্য হতে পারে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশি পণ্যে মোট ২৫ দশমিক ৬২ শতাংশ শুল্ক দিতে হয়। এর মধ্যে গত জুলাইয়ে আরোপ করা অতিরিক্ত ১০ শতাংশ শুল্কও অন্তর্ভুক্ত রয়েছে।
মার্চে শুরু তদন্ত, নভেম্বরে শুল্কের প্রস্তাব
যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ আকস্মিক কোনো সিদ্ধান্ত নয়। ২০২৬ সালের ১১ মার্চ দেশটির বাণিজ্য প্রতিনিধির দপ্তর ১৬টি দেশের উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা এবং উৎপাদনসংক্রান্ত কার্যক্রম, নীতি ও চর্চা নিয়ে তদন্ত শুরু করে।
মার্চে শুরু হওয়া সেই তদন্ত নভেম্বর মাসে এসে শুল্ক আরোপের প্রস্তাবের পর্যায়ে পৌঁছেছে। এখন জনমত গ্রহণ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার পর শুল্কের চূড়ান্ত হার নির্ধারণ করা হবে।
বাংলাদেশের বিরুদ্ধে যেসব অভিযোগ যুক্তরাষ্ট্রের
অতিরিক্ত শুল্ক আরোপের পক্ষে যুক্তি তুলে ধরে বাংলাদেশের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ এনেছে ইউএসটিআর। সংস্থাটির মতে, গুরুত্বপূর্ণ উৎপাদন খাতে বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ড ও নীতি অযৌক্তিক।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, বাংলাদেশ উৎপাদন ও রপ্তানি বাড়াতে বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে। কিন্তু শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না।
এ ছাড়া বাংলাদেশের আর্থিক খাতে এমন কিছু নীতি অনুসরণ করা হচ্ছে, যা বাজারব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করে। একই সঙ্গে অতিরিক্ত উৎপাদনক্ষমতা মোকাবিলায়ও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
ইউএসটিআরের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে বাংলাদেশসহ তৃতীয় দেশের বাজারে মার্কিন উৎপাদক ও রপ্তানিকারকরা ব্যবসায়িক সুযোগ হারাচ্ছেন। এর প্রভাবে যুক্তরাষ্ট্রের উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগ কমে যাচ্ছে, যা দেশটির অর্থনীতির জন্য ক্ষতিকর।
ইউএসটিআরের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে এসব প্রভাব সবচেয়ে বেশি দৃশ্যমান তৈরি পোশাক ও বস্ত্র খাতে।
সূত্র: বিবিসি