
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর তদন্তে এবার দিশা নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। তিনি তাহসিফের কথিত বান্ধবী বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ।
রোববার (১ নভেম্বর) বেলা ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
এদিকে, এ মামলায় চার দিনের রিমান্ডে থাকা তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। শনিবার দিবাগত মধ্যরাত থেকেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাহসিফের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর ঘনিষ্ঠ বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
জিজ্ঞাসাবাদের সময় তাহসিফকে নিয়ে বিভিন্ন স্থানে যাতায়াতের কথা জানান দীপ। এসব জায়গায় যাওয়ার কারণ সম্পর্কেও তদন্তকারীদের তথ্য দিয়েছেন তিনি। তাঁর দেওয়া বক্তব্য ও অন্যান্য তথ্যের সূত্র ধরে তদন্তের পরিধি বাড়ানো হচ্ছে।