
পাসের হার শূন্য কিংবা আশঙ্কাজনকভাবে কম—এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ ধরনের প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে আগামী এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (১ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। পোস্টের সঙ্গে প্রকাশিত ছবিতে তাঁর এ নির্দেশনার বিষয়টি উল্লেখ করা হয়।
এর আগে একই দিন মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৈঠকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।