
ঢাকার সাতটি সরকারি কলেজকে একীভূত ও স্বায়ত্তশাসিত প্রশাসনিক কাঠামোর আওতায় আনার জন্য ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির বিশেষ আদেশের মাধ্যমে প্রণীত এই অধ্যাদেশে বলা হয়েছে, ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজসহ অন্যান্য কলেজগুলো নতুন বিশ্ববিদ্যালয়ের ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদের অধীনে ক্ষমতা প্রয়োগ করে এই অধ্যাদেশ জারি করেন।
অধ্যাদেশে বলা হয়েছে, ঢাকা মহানগরের সাতটি সরকারি কলেজকে নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কলেজগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।
অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, সংযুক্ত কলেজগুলোর নিজস্ব নাম, ঐতিহ্য, বিদ্যমান অবকাঠামো এবং স্থাবর-অস্থাবর সম্পত্তি আগের মতোই সংরক্ষিত থাকবে। বিশ্ববিদ্যালয় নিজস্ব স্থায়ী ক্যাম্পাস না তৈরি হওয়া পর্যন্ত প্রয়োজনমতো ভাড়া বা উপযুক্ত স্থানে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে শিক্ষাদান, পাঠ্যক্রম, সনদ প্রদান, উচ্চতর গবেষণা, প্রশিক্ষণ ও শিল্প-একাডেমি সংযোগের কাজ পরিচালনা করবে।
নতুন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত পদে থাকবেন আচার্য, যিনি পদাধিকারবলে রাষ্ট্রপতি। তিনি একাডেমিক ডিগ্রি বিতরণ ও সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এছাড়াও উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, প্রভোস্ট, গ্রন্থাগারিক এবং বিভিন্ন স্কুল ও সেন্টারের প্রধানরা প্রশাসনিক কার্যক্রম দেখাশোনা করবেন।

বিশ্ববিদ্যালয়ের নীতি-নির্ধারণী কাঠামো গঠিত হয়েছে শক্তভাবে। নির্বাহী সংস্থা ‘সিন্ডিকেট’ উপাচার্যের নেতৃত্বে কার্যকর হবে। শিক্ষার বিষয় তদারকির জন্য থাকবে ‘একাডেমিক কাউন্সিল’। শিক্ষার্থীদের কল্যাণে আধুনিক ছাত্র-শিক্ষক কেন্দ্র এবং নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
অধ্যাদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থান নির্বিশেষে সকল শিক্ষার্থী এবং বিদেশি ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) একাডেমিক ও আর্থিক কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে তদন্ত বা আকস্মিক পরিদর্শন পরিচালনা করতে পারবে। ত্রুটি ধরা পড়লে কমিশন সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিতে পারবে।
এর আগে, ২০২৫ সালের ২৬ মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সাতটি সরকারি কলেজকে আলাদা করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন সরকারি বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করেছিল। সেই অনুযায়ী, ২০২৫ সালের ১২ নভেম্বর এই কলেজগুলোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি প্রত্যাহার করা হয়।