
নতুন কুঁড়ি স্পোর্টসের ১০টি ইভেন্টের পাশাপাশি আর্চারি, শুটিং ও হকি খেলার নিয়মিত অনুশীলন এবং প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এ লক্ষ্যে অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
গত রোববার (১ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রশিক্ষণ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়। অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) মো. চাঁদ মিয়া স্বাক্ষরিত চিঠিটি অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসার প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে প্রাথমিক পর্যায় থেকেই প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে সম্ভাবনাময় খেলোয়াড় বাছাই করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ জন্য নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ তৈরি করা হচ্ছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি ক্রীড়াচর্চার মাধ্যমে ভবিষ্যতে সুস্থ, আত্মবিশ্বাসী ও পেশাদার নাগরিক হিসেবে গড়ে ওঠার পথ তৈরি হয়।
এ পরিপ্রেক্ষিতে নতুন কুঁড়ি স্পোর্টসের ১০টি ইভেন্টের পাশাপাশি আর্চারি, শুটিং ও হকির নিয়মিত অনুশীলন এবং প্রতিযোগিতা আয়োজন নিশ্চিত করতে মাদ্রাসাপ্রধানদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।