
কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশোভন ও উসকানিমূলক মন্তব্য করা থেকে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বিরত থাকার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। নির্দেশনা অমান্য করে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত নীতিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে অধিদপ্তর।
সোমবার (২ নভেম্বর) অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসাগুলোতে কর্মরত শিক্ষক-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, সম্প্রতি কয়েকজন শিক্ষক ফেসবুকের ব্যক্তিগত ওয়াল ও বিভিন্ন গ্রুপে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে আপত্তিকর এবং উসকানিমূলক মন্তব্য করছেন। এসব পোস্টের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের মাদ্রাসা শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। পাশাপাশি মাদ্রাসা শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ড ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’-এর ১০ (ঙ), ১০ (ছ) ও ১০ (ঝ) অনুচ্ছেদের পরিপন্থী। একই সঙ্গে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’-এর ১৮ (গ) অনুযায়ী এসব কর্মকাণ্ড শাস্তিযোগ্য।
এ পরিপ্রেক্ষিতে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে অশোভন, শিষ্টাচারবহির্ভূত ও উসকানিমূলক পোস্ট বা কার্যক্রম থেকে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের বিরত থাকার নির্দেশ দিয়েছে অধিদপ্তর।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হোসেন খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি দেশের সব সরকারি ও বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার এবং ইবতেদায়ি প্রধানের কাছে পাঠানো হয়েছে।